পেট্রাপোলের পর এবার আগরতলা সীমান্ত: শেখ হাসিনার প্রত্যাবর্তনের রুট খুঁজছেন আওয়ামী লীগ নেতারা
- প্রকাশ : ০১:৫০:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৩২ বার পাঠিত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর লক্ষ্যে ভারতে অবস্থানরত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা তৎপরতা শুরু করেছেন বলে ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। হিন্দুস্তান টাইমস, টিভি৯, নিউজ ১৮, এই সময় ও এশিয়া পোস্টের প্রতিবেদন অনুযায়ী, তার প্রত্যাবর্তনের জন্য সুবিধাজনক ও নিরাপদ রুট নির্ধারণে রোববার (২২ নভেম্বর) পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করেছেন দলটির চার নেতা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, সীমান্ত পরিদর্শনে অংশ নেওয়া ওই চার নেতা হলেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
এশিয়া পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে রওনা হয়ে দুপুর ২টার দিকে দুটি গাড়িতে করে পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় পৌঁছান তারা। একটি টয়োটা ফরচুনার গাড়িতে থাকা এই চার নেতা সেখানে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে তারা কলকাতার উদ্দেশ্যে ফিরে যান। পুরো সময়জুড়ে গণমাধ্যমকর্মীদের নজর এড়িয়ে চলার চেষ্টা করেন তারা।
হিন্দুস্তান টাইমস ও টিভি৯-এর খবরে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত করতে কেবল একটি পথের ওপর নির্ভর না করে বিকল্প রুটও বিবেচনায় রাখা হচ্ছে। এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও খতিয়ে দেখার পরিকল্পনা রয়েছে। আগামী মঙ্গলবার ওই নেতাদের ত্রিপুরায় যাওয়ার কথা রয়েছে এবং পরদিন রাজ্যের মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত পুরো পথ পর্যবেক্ষণ করবেন তারা।
এদিকে, নিউজ ১৮ ও এই সময়-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত প্রক্রিয়া জানতে চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে অনুরোধ জানিয়েছে ভারত। তবে ১০ দিন পেরিয়ে গেলেও ঢাকার পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি বলে ওই প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে।
তবে ভারতীয় গণমাধ্যমে এসব তথ্য উঠে এলেও আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা শেখ হাসিনার দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ প্রকাশ করা হয়নি।





















