চকমিরপুরকে মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়নে রূপান্তরের প্রতিশ্রুতি মাহফুজুল হক সোহেলের
- প্রকাশ : ০২:০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ৫২ বার পাঠিত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৬ নং চকমিরপুর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপকভাবে আলোচনায় এসেছেন মো. মাহফুজুল হক খান (সোহেল)। স্থানীয় জনগণের ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে তিনি নির্বাচনী মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এক বিশেষ নির্বাচনী ইশতেহারে মাহফুজুল হক সোহেল চকমিরপুর ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, নির্বাচিত হতে পারলে মাদকের বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। সেই সঙ্গে যুবসমাজকে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতন করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি আরও জানান, এলাকার অবহেলিত ও জীর্ণ-শীর্ণ রাস্তাঘাট সংস্কারসহ টেকসই যোগাযোগের ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ ছাড়া নারী শিক্ষার প্রসারে সার্বিক সহযোগিতা প্রদান এবং সমাজের অবহেলিত, গরীব ও মেহনতি মানুষের কল্যাণে সর্বাত্মক পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী।











