মানিকগঞ্জের দৌলতপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- প্রকাশ : ০৮:৫৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ৩৮ বার পাঠিত

মানিকগঞ্জের দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
গত ৭ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরাজ, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য লোকমান হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মিলন হোসেন, দৌলতপুর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোহাম্মদ সালাউদ্দীন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, মো. রবিন আহমেদ ছামান, মোবারক হোসেন বাবু ও রফিকুল ইসলামসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি এবং জাতীয় জীবনে এর গভীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ইস্পাতকঠিন জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বক্তারা বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ ও নির্যাতিত নেতাকর্মীদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




















