দৌলতপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা: নদী ভাঙন রোধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকা
- প্রকাশ : ০৪:৫০:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ২৯ বার পাঠিত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বিশেষ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই শনিবার বিকেল ৬টায় দৌলতপুর উপজেলা সদরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একই সাথে সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন তাঁর সহধর্মিনী শায়লা কবির।
মতবিনিময় সভায় মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু সহ দৌলতপুর উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতা ও বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
সভায় দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়। একটি সুশাসিত, গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
দৌলতপুরের অন্যতম প্রধান সমস্যা নদী ভাঙন উল্লেখ করে সভায় দ্রুত টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। নদী ভাঙন কবলিত মানুষের কষ্ট লাঘবে দীর্ঘমেয়াদী সুরক্ষার নিশ্চয়তা প্রদান করেন বক্তারা। এছাড়া যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয় এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়।
সভায় বক্তারা আরও অভিযোগ করেন যে, পতিত স্বৈরাচারী চক্র ও তাদের সঙ্গীরা দেশের স্বাভাবিক গতিশীলতা ও জনকল্যাণমুখী উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে নানামুখী চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই সব ষড়যন্ত্র নস্যাৎ করতে সাধারণ জনগণকে সাথে নিয়ে একতাবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন বিএনপি নেতৃবৃন্দ।


















