জনসেবা ও শিক্ষার মানোন্নয়নের অঙ্গীকার নিয়ে মাঠে খলশীর চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম খান রফিক
- প্রকাশ : ০৫:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২৮ বার পাঠিত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী খলশী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় জনসাধারণের সঙ্গে নিবিড় গণসংযোগ ও মতবিনিময় জোরদার করেছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম খান রফিক।
সম্প্রতি খলশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে এলাকা জুড়ে তাঁর ইতিবাচক ভূমিকা ও সামাজিক পরিমণ্ডল আরও বিস্তৃত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হিসেবে রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ অভিজ্ঞতার স্বাক্ষর রেখে চলেছেন তিনি।
এলাকাবাসীর সার্বিক উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে তিনি প্রতিনিয়ত ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও জনপদে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। গণসংযোগকালে তিনি স্থানীয় মুরব্বি, যুবসমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন এবং এলাকার নানা সমস্যার কথা শুনে তা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন।
দৈনন্দিন গণসংযোগকালে মোঃ আনোয়ার হোসেন টিটু বলেন, খলশী ইউনিয়নের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, আধুনিক শিক্ষার মানোন্নয়ন এবং একটি মাদকমুক্ত, সুশাসিত ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। খলশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে তিনি ইতিমধ্যে শিক্ষার পরিবেশ সুদৃঢ় করার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।
ইউনিয়নের সর্বস্তরের মানুষ তাঁর এই গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানাচ্ছে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে খলশী ইউনিয়নে নিজের অবস্থান আরও সুসংহত করছেন এই উদীয়মান নেতৃত্ব।



















