ক্ষমতাচ্যুত হওয়ার পথে নেতানিয়াহু, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
- প্রকাশ : ১০:০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ১৪ বার পাঠিত

ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এড়িয়ে তাঁর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ভবন থেকে গাদি আইজেনকটকে এই সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এর আগে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা জোটই একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এরপর কে নতুন সরকার গঠনের সুযোগ পাবেন, তা নির্ধারণ করতে চলতি সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন প্রেসিডেন্ট হারজগ।
ইসরায়েলি পার্লামেন্টে সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থনের প্রয়োজন হয়। বর্তমান সমীকরণে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির পক্ষে মোট ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন রয়েছে। এর মধ্যে আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনও অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, বেনিয়ামিন নেতানিয়াহুর জোটের পক্ষে মাত্র ৪৬ জন আইনপ্রণেতা সমর্থন জানিয়েছেন।
নিয়ম অনুযায়ী, নতুন সরকার গঠনের জন্য গাদি আইজেনকট প্রথম দফায় ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সরকার গঠনে ব্যর্থ হলে, আইন অনুযায়ী পার্লামেন্টের অন্য কোনো সদস্যকে এই দায়িত্ব প্রদান করা হবে।























